চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন মো. নাসিমুল হক নামে এক কাঠমিস্ত্রি। রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ–৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সংসার, সন্তান ও পেশাগত ব্যস্ততার মধ্যেও পড়াশোনার স্বপ্ন তাকে হাতছানি দিত, আর তাই সেই স্বপ্ন পূরণ করতে এবার তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। খবর বাংলানিউজের।
নাসিমুল হক ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।
গতকাল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এ বয়সে কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে ভালো ফল করায় অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।












