১৭ বছর পর তিন ভাইয়ের যাবজ্জীবন

নগরীর মাইলের মাথায় এরশাদ হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

নগরীর বন্দরের মাইলের মাথা এলাকার এরশাদ হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আরমান, ইরান ও ইমতিয়াজ। তারা ইপিজেড থানার ২ নম্বর মাইলের মাথার মহব্বত মুন্সি বাড়ি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী রাকিব জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন ভাইকে দেড় লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আদালতসূত্র জানায়, ২০০৯ সালের ১১ এপ্রিল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এরশাদ খুনের শিকার হয়। উপর্যপুরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় এরশাদের বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে চার্জগঠনের মাধ্যমে তিন আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থেকে অখালাসকৃত ১২৫ টন আপেল ও আদা নিলামে
পরবর্তী নিবন্ধগাছের ডাল কাটার বিরোধে লাঠি ছোড়ার অভিযোগ, মৃত্যু বৃদ্ধের