হাসিনাকে কীভাবে ফেরত চাওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে এখনো চিঠি পাঠানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, একটি নোট ভার্বালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেওয়া চিঠি এখনো পাঠানো হয়নি। চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের কপি পাঠাবে না। শুধু একটি নোট ভার্বালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে। গত সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অভিযোগে পৃথকভাবে তাকে এই দণ্ড দেওয়া হয়। এছাড়া আরো দুটি অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আলমামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

ওইদিন এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে। তিনি বলেন, স্থানীয়ভাবে ভারতীয় হাইকমিশন এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাইবে ঢাকা। দুই আসামিকে ফেরাতে রাতে বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে। চিঠির পর ভারতের প্রতিক্রিয়া দেখে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ। তিনি জানিয়েছিলেন, এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব আসেনি। তবে এখন পরিস্থিতি ভিন্ন। এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের (ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব।

রায়ের পরপর দেওয়া প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেবে ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে নারী ও শিশুদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
পরবর্তী নিবন্ধবিচারকদের নিরাপত্তায় কী ব্যবস্থা? প্রতিবেদন চায় হাই কোর্ট