নগরের হালিশহরের নয়া বাজারের সুলতান চৌধুরী মার্কেটের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার মধ্য রাতে এ চুরি সংঘটিত হলেও গতকাল মঙ্গলবার তা জানতে পারেন ‘বৈশাখী সাজ জুয়েলার্স’ নামে স্বর্ণের দোকানটির মালিক। তার দাবি নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। প্রসঙ্গত, আগের দিন সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে মার্কেট বন্ধ ছিল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন গত রাতে বলেন, মামলা প্রক্রিয়াধীন। চুরির মালামাল উদ্ধারে আমরা চেষ্টা করছি। চুরির ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। এটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কত টাকার মালামাল চুরি হয়েছে তা মামলার এজাহার পেলে জানতে পারব।
বৈশাখী সাজ জুয়েলার্সের মালিক সেন্টু ধর সাংবাদিকদের বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকাদের তালা খোলা এবং সিন্দুকের দরজা খোলা। তিনি বলেন, আমার দোকানের পেছনের দরজা ভেঙে চোররা ভেতরে প্রবেশ করে। দোকান থেকে ৯০ ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা চুরি হয়েছে বলেও জানান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজন ভেতরে প্রবেশ করে চুরির ঘটনাটি ঘটায়। তাদের মুখে মুখোশ পরা ছিল।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন, চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারসহ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।













