হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন। আর হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে। নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯ জনের প্রাণ গেল। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জনে। হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রামে বিভাগে ও একজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৬ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৪০৪ জন, চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহ ৬৮, রাজশাহীতে ২৮ ও রংপুরে ১২ জন।

পূর্ববর্তী নিবন্ধমাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধঘুষের টাকাসহ গ্রেপ্তার সাব-রেজিস্ট্রারের ৫ দিনের রিমান্ডের আবেদন দুদকের