হাটহাজারীর সবগুলো খাল খনন করা হবে

দুটি খালের পুনঃখনন কাজ উদ্বোধনে প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, কৃষকদের জমিতে সেচ ব্যবস্থার সুবিধা, জলাবদ্ধতা নিরসন ও বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশনের সুবিধার্থে সরকার খাল খননে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। খাল খনন একটি চলমান প্রক্রিয়া। এই উপজেলা যতগুলো খাল আছে পর্যায়ক্রমে ওগুলো খনন করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বয়স মাত্র ১২ দিন। এরমধ্যে দেশের মানুষের স্বার্থে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। তারই অংশ বিশেষ, এই খাল খনন। গতকাল শনিবার হাটহাজারী উপজেলার মিঠা ছড়া ও ভানজইন খালের পুনঃখনন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে ইতিমধ্যে ১২ হাজার কৃষকদের কৃষি ঋণ বাবদ দেড় হাজার কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। মিঠা ছড়া ও ভানজইন খাল পুনঃখনন কাজ শেষ হলে পৌরসভা ও উপজেলা উপরী অংশে জলজট সমস্যার নিরসন হবে। শুষ্ক মৌসুমে কৃষি কাজে সেচ সুবিধা হবে। খাল খননের সময় খাল অবৈধ দখল মুক্ত করতে তিনি প্রশাসনকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। খালের জায়গা অবৈধ দখলদার যত বড় প্রভাবশালী হউক না কেন কাউকে ছাড় না দিতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রথমে মিঠা ছড়া খালের বড় বিল এলাকায় পরে ভানজইন খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করেন। মিঠা ছড়া খালটি প্রাথমিক ভাবে আনুমানিক ২৫ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার এবং ভানজইন খাল ৫০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার খনন করা হবে। চট্টগ্রাম ও কঙবাজার জেলার ভূ উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও উপজেলা প্রশাসন খাল পুনঃখননের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম জোনের সহকারী প্রকৌশলী তমাল দাশ, বিএডিসি হাটহাজারীর উপসহকারী প্রকৌশলী দীপেন চাকমা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শাহীন বাদশা, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নূর মোহাম্মদ, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে জাকের হোসেন ও অহিদুল ইসলাম প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে আমের মুকুল, আশার পাশাপাশি আছে দুশ্চিন্তাও
পরবর্তী নিবন্ধনগরীতে গাড়ি চোর চক্রের সদস্য গ্রেপ্তার