হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ (৪৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট বাজার এলাকার মৃত আমিনুল হকের পুত্র। তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে চারিয়া বোর্ড স্কুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চট্টগ্রামখাগড়াছড়ি সড়কে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ২টার দিকে তার মৃত্যু হয়। এদিন রাত ৯টায় চারিয়া সিকদার পাড়া ঈদগাহ মাঠে নিহতের জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘের অভিষেক
পরবর্তী নিবন্ধপেকুয়ায় পল্লী চিকিৎসক নিখোঁজ, গভীর রাতে ‘বাঁচান’ লিখে ফেসবুকে পোস্ট