হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের লেবার শেড থেকে জিয়ারুল (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টার দিকে হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকার পশ্চিমে ৭ নম্বর ওয়ার্ডস্থ চন্দ্রপুর গ্রামের অছি মিয়ার কলোনীর সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জিয়ারুল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বালিয়াকান্দা গ্রামের মতিউর রহমানের পুত্র।
সূত্রে জানা যায়, ৬ মাস পূর্বে নেত্রোকোনা থেকে নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য হাটহাজারীতে আসে জিয়ারুল। এরপর থেকে তিনি পৌরসভার মাটিয়া মসজিদ এলাকার পশ্চিমে ৭ নম্বর ওয়ার্ডস্থ চন্দ্রপুর গ্রামের অছি মিয়ার কলোনীর ওই লেবার শেডে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন সকালে জিয়ারুল দোকানে গিয়ে চা নাস্তা শেষ করে পুনরায় বাসায় চলে আসেন। বেলা সাড়ে ১০টার দিকে আশেপাশের বাসিন্দারা জানালা দিয়ে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।












