হাটহাজারীতে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে শোয়াইব আহম্মদ (২২) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরের দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। শোয়াইব নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারীতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব ও আরো দুজন দিনমজুর ওই এলাকার আব্দুল সবুর চৌধুরী বাড়ির নিপা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। সোমবার দুপুরে মো. অলিউল্লাহ নামে শোয়াইবের এক রুমমেট বাসায় ফিরলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে জানালা দিয়ে ভেতরে তাকালে শোয়াইবের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয়দের জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের বাবা নীলফামারী থেকে হাটহাজারীর উদ্দেশে রওনা দিয়েছেন বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল সহকারীর
পরবর্তী নিবন্ধদুই দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম