হরমুজ প্রণালির ওমান উপকূল দিয়ে গমনরত একটি ট্যাংকারে একটি প্রজেক্টাইল আঘাত হানার পর সেটিতে আগুন ধরে গেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে আল জাজিরা। খবর বিডিনিউজের।
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই প্রবেশ পথে কোনো জাহাজে হামলার সর্বশেষ ঘটনা এটি।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু করার আগে এ প্রণালিটি দিয়ে বিশ্বের এক তৃতীয়াংশ তেল ও গ্যাস সরবরাহ করা হতো। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী ট্যাংকারটি হুঁশিয়ারি উপেক্ষা করার পর হামলার শিকার হয়। কিন্তু তেহরান সরাসরি হামলার দায় স্বীকার করেনি। তেহরান বারবার ঘোষণা করেছে, হরমুজ প্রণালিতে শুধু তাদের অনুমোদিত পথটি ব্যবহার করা নিরাপদ হবে।











