হবিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিমটিবিল সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। নিহত সোহাগ মিয়া (২১) চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, গতকাল দুপুরে সোহাগ সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় একটি গরু শূন্যরেখা পেরিয়ে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চলে যায়। গরুটি আনতে গেলে বিএসএফ সোহাগকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিরাজুম মুনিরা মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আব্দুল কাদির বলেন, প্রতিদিনের মত সোহাগ সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। কিন্তু বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক রাজু বলেন, বিএসএফের গুলিতে সোহাগের মৃত্যু হয়েছে। হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ দেখেছি। খবর বিডিনিউজের।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, পরিবারের সদস্যরা সোহাগকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সম্ভবত চোরাচালানের গরু আনতে গিয়ে সে গুলিবিদ্ধ হতে পারে। আমরা এ বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাকরি হয়নি, ফোনও ছিনতাই, শেষ কলে ভাইকে বললেন ভালো থাকিস