বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পম্পী রাউজান উপজেলার গজারিয়া এলাকার ভাগ্যধন বড়ুয়ার মেয়ে।
নিহতের ভাই জুয়েল বড়ুয়া বলেন, চাকরির জন্য এক দিন আগে চট্টগ্রাম নগরে যান পম্পী। গার্মেন্টসে সাক্ষাৎকারের পর কাজে যোগ দিতে বলা হলেও গতকাল রোববার গিয়ে জানতে পারেন চাকরি হয়নি। পরে পথে তার মোবাইল ফোন ছিনতাই হয়। অন্য নম্বর থেকে আমাকে ফোন করে বলেন, ভালো থাকিস। এটিই ছিল তার শেষ কথা। গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। এ সময় এক নারী ট্রেনে কাটা পড়েছেন বলে তিনি জানতে পারেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর নিহতের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র পাওয়া যায়। ছাড়পত্র অনুযায়ী, তিনি গত ৮ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং ২০ জানুয়ারি তাকে ছাড়পত্র দেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। নিহত পম্পী বড়ুয়া কীভাবে রেললাইনে এসেছিলেন এবং এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ–তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।












