জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় মো. সাগর নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মানিকগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে মমতাজের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে আইনজীবী বলেন, আসামি জাতীয় সংসদের সাবেক সদস্য এবং বাংলা লোকসংগীত জগতে প্রথিতযশা শিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। সারাদেশে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে তিনি অন্য আসামিদের সঙ্গে অর্থের যোগানদাতা ও পরিকল্পনার কথিত কার্য সম্পন্ন করেন বলে এজাহারে উল্লেখ থাকলেও, এর কোনো তথ্য–উপাত্ত নেই। আসামির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় জামিনে মুক্তি পাওয়ার আইনি অধিকার তিনি সংরক্ষণ করেন। এই মামলায় অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকায় তিনি জামিন পাওয়ার যোগ্য। তবে শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। খবর বিডিনিউজের।
জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় গুলিতে মারা যান মো. সাগর। ওই ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় মামলা করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে ৪৯ নম্বর আসামি করা হয়েছে মমতাজকে।
কণ্ঠশিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদের সদস্য হন। পরবর্তী ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ–২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। গত বছর ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।














