মধ্যরাত থেকে কিয়েভের প্রস্তাবিত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের পূর্বাঞ্চলজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের পর থেকে কিয়েভ ঘোষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। তার আগেই এসব হামলা চালায় মস্কো। এর মধ্যে এক আঘাতেই নিহত হয়েছে ১২ জন, যা চলতি বছরের সবচেয়ে মারাত্মক হামলা। খবর বিডিনিউজের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ৮ ও ৯ মে একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। এ সময়টিতে মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এর প্রতিক্রিয়ায় ইউক্রেন বুধবার মধ্যরাত থেকে এক অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে রাশিয়াকেও সাড়া দিতে বলেছে। কিন্তু পূর্বাঞ্চলে হামলা হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, ইউক্রেনে প্রচণ্ড হামলা চালানোর পর সামরিক কুচকাওয়াজের জন্য একদিন হামলা বন্ধ রাখা রাশিয়ার জন্য কোনো বিকল্প নয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও শত্রুতা শেষ করার প্রস্তুতির কোনো লক্ষণই দেখাল না রশিয়া। এর বিপরীতে মস্কো সন্ত্রাসকেই তীব্র করে তুলল।
ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ার গভর্নর ইভান ফেদোরোভ টেলিগ্রামে জানান, জাপোরিজিয়া শহরে বোমা ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছে।
জারোরিজিয়ার নগর কাউন্সিলের মহাসচিব জানিয়েছেন, চারটি নিয়ন্ত্রিত এরিয়াল বোমা বর্ষণের পর রাশিয়ানরা একই এলাকায় শাহেদ ড্রোন দিয়ে হামলা শুরু করে। জাপোরিজিয়ার উত্তর–পূর্ব দিকে ক্রামতোর্স্ক শহরে তিনটি এরিয়াল বোমাবর্ষণ করা হয় আর এতে ছয়জন নিহত ও আরও ১২ জন আহত হয়।
ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে রাশিয়ার হামলায় চারজন নিহত হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। তবে অঞ্চলটির গভর্নর ওলেকসান্দ্র হানঝা এ হামলায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। পোলতাভা অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনায় রাশিয়ার আরেক হামলায় পাঁচজন নিহত হয়। এর পাশাপাশি প্রতিবেশী খারকিভ অঞ্চলে আরেক হামলায় একজন নিহত হয়।
এরপর ইউক্রেনীয় যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া উপদ্বীপ ক্রাইমিয়ার গভর্নর সের্গেই আকসিওনোভ টেলিগ্রামে জানান, ঝানকোই শহরে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচ বেসামরিক নিহত হয়েছে। তবে ইউক্রেনের এ হামলাটি যুদ্ধবিরতির শুরুর আগেই চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলীয় চুভাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সাত ঘণ্টার এক সময়সীমার মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ক্রাইমিয়া ও রাশিয়ার অন্য অঞ্চলগুলোতে ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।














