চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক–দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেছেন, প্রচন্ড গরম সহ্য করে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা আনয়নে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওভার টেকিং, ওভার স্পীড ও অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, কর্ণফুলী ব্রিজ গোল চত্বর খুবই ঝুকিঁপূর্ণ। দুর্ঘটনা রোধে কর্ণফুলী নতুন ব্রিজে ওঠা–নামার স্থানে কোনো ধরণের গাড়ি দাঁড় করিয়ে জটলা লাগানো যাবে না। জীবন ঝুঁকিমুক্ত রাখাসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় সকল অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি ক্রমান্বয়ে সরিয়ে নিতে হবে। এজন্য পরিবহন মালিক–শ্রমিকদের আন্তরিক হতে হবে।
গতকাল বুধবার নগরীর বাকলিয়াস্থ ‘রাজবাড়ি’ কনভেনশন হলে সিএমপির ট্রাফিক–দক্ষিণ বিভাগ আয়োজিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা রক্ষা ও সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মুছার সভাপতিত্বে ও ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (কোতোয়ালী) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. আকরামুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন টিআই (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআই (বাকলিয়া) অপূর্ব কুমার পাল, পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি মো. জাফর উদ্দিন চৌধুরী, দক্ষিণ চট্টগ্রাম–কক্সবাজার–বান্দরবান পরিবহণ মালিক–শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. মহিউদ্দিন, বাঁশখালী যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ও ১৭নং অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন।












