স্ট্রোক দিবস উপলক্ষে নিউরোলজিস্ট অ্যালায়েন্সের বৈজ্ঞানিক সেমিনার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নিউরোলজিস্ট অ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু’র মেজবান হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. খোকন দাশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে ও চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিফাত কামালের সঞ্চালনায় সেমিনারে স্ট্রোকের আধুনিক চিকিৎসা, প্রতিরোধ এবং ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. তৌহিদুর রহমান, অধ্যাপক ডা. গোলাম কাউনাইন, ডা. আরাফাত আমিন। এছাড়া উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাহবুবুল আলম খন্দকার, অধ্যাপক ডা. শিউলি মজুমদার, অধ্যাপক ডা. পঞ্চানন দাশ, অধ্যাপক ডা. মো. মুহিতুল ইসলাম, অধ্যাপক ডা মো. আবু তৈয়ব এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সাত্তার। সেমিনারে বক্তারা বলেন, স্ট্রোক একটি সময়–সংবেদনশীল জরুরি চিকিৎসাজনিত অবস্থা। স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা এবং যথাসময়ে আধুনিক চিকিৎসা নিশ্চিত করা গেলে মৃত্যুঝুঁকি ও দীর্ঘমেয়াদি পঙ্গুত্ব অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাসেবার প্রসারের ওপর গুরুত্বারোপ করা হবে। পরবর্তীতে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. সাগর দেব তপুর পরিচালনায় আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রামের অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়ায় পাসের হার ৯৭.৬৮ শতাংশ