সৌদি সফরে নৌবাহিনী প্রধান

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সৌদি আরব সফরে রওনা হয়েছেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম। গতকাল শনিবার সকালে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরআইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এই সফরে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সএর প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। খবর বিডিনিউজের।

সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকগুলোয় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর মধ্যে বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

সৌদি আরব অবস্থানের সময় বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের কথা রয়েছে নৌবাহিনী প্রধানের।

এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের আলো জ্বালাতে গিয়ে নিভল ডেকোরেশন কর্মীর প্রাণ
পরবর্তী নিবন্ধদক্ষ আলেম তৈরিতে শিক্ষকদের আত্মনিয়োগের আহ্বান