সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিবেশী ইয়েমেনে ইরান সমর্থিত হুতি ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীগুলোর মধ্যে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই বুধবার ও মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। আর আভা বিমানবন্দরে আরেক হামলায় দুইজন নিহত ও আরও ২৮ জন আহত হয়েছেন। পরপর দুই দিনে দুই হামলার ঘটনা ঘটলেও কোনটা কবে ঘটেছে, তা স্পষ্ট করেনি বিমান চলাচল কর্তৃপক্ষ । খবর বিডিনিউজের।
হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী এ হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়ে বলেছে, হামলাকারীদের শাস্তি পেতেই হবে। এক বিবৃতিতে জোট বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের সা’দা, হোদেইদাহ, জওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বুধবার সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। বিমানবন্দরগুলোও এসব হামলার অন্তর্ভুক্ত ছিল। ইরান সমর্থিত হুতিরা বারবার যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার ও তেল পাইপলাইনকে লক্ষ্যবস্তু করছে।












