সেই জাহাজ ও শিপিং এজেন্টকে ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা

স্টিয়ারিং বিকল হয়ে কর্ণফুলীর মোহনায় আটকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় স্টিয়ারিং বিকল হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করা বিদেশি কন্টেনার জাহাজ সিএনসি ইউরেনাস এবং এর শিপিং এজেন্ট আমেরিকান প্রেসিডেন্ট লাইনকে (এপিএল) ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কারিগরি ত্রুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে অবহিত না করে জাহাজটি পরিচালনা করায় বন্দর চ্যানেল, পাইলট, জাহাজ, নৌযান ও বন্দরের স্থাপনাগুলোকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলার কারণে এই জরিমানা করা হয়।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম এ সংক্রান্ত আদেশ জারি করেন। পরে তা শিপিং এজেন্ট এপিএলের কাছে পাঠানো হয়। জরিমানার অর্থের মধ্যে জাহাজের মাস্টার এবং শিপিং এজেন্টের দায় নির্ধারণ করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এপিএল বাংলাদেশের দায়িত্বশীল একটি সূত্র জরিমানার আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের জাহাজটিকে রপ্তানি পণ্য বোঝাই করার অনুমোদন দেওয়া হয়েছে। ১ হাজার ৩০০ টিইইউএস রপ্তানি পণ্য বোঝাই করার পর আগামীকাল জাহাজটি বন্দর ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চীনের শিকো বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা সিএনসি ইউরেনাস ২ আগস্ট বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরদিন দুপুরে এনসিটিতে ভেড়ার উদ্দেশ্যে প্রবেশের সময় কর্ণফুলী চ্যানেলের কাছাকাছি লাল বয়া এলাকায় জাহাজটির স্টিয়ারিং গিয়ারের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। স্টিয়ারিং নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে জাহাজটি নেভাল একাডেমির পাশের রিটেইনিং দেয়ালের কাছাকাছি চরে আটকে পড়ে।

পরদিন জাহাজটিকে উদ্ধার করে বহির্নোঙরে নেওয়া হয়। গত শনিবার জাহাজটিকে বন্দরের জিসিবি ১১ নম্বর জেটিতে বার্থিং দেওয়া হয়। সেখানে জাহাজটি আমদানি পণ্য খালাস শেষ করে বর্তমানে রপ্তানি পণ্য বোঝাই করছে বলে জানিয়েছে এপিএল।

পূর্ববর্তী নিবন্ধঅভিমানে মায়ের কাছে চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ
পরবর্তী নিবন্ধসাদমান ও রুজবাহ : স্বপ্নকে নিয়ে যেতে চায় অনেকদূর