সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা লক্ষ্মীপুরের ঘটনা

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি গাছে উঠতে না চাওয়ায় এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ। নিহত রিয়াদ হোসেন (১২) ওই এলাকার অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে সন্দেহ করা হচ্ছে। তিনি একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।

স্থানীয়দের ভাষ্য, রুবেল রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেন। রিয়াদ এতে রাজি না হলে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় রিয়াদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর রুবেল পালিয়ে যান। তাকে আটকের জন্য পুলিশ ও স্থানীয়রা খুঁজছে। স্থানীয়দের কেউ কেউ রুবেল মাদক সেবনের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন।

চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, সুপারি গাছে উঠতে না চাওয়ায় রুবেল রিয়াদকে ছুরিকাঘাত করেন। এতে রিয়াদের মৃত্যু হয়। রুবেলকে আটকের চেষ্টা চলছে। ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রুবেলকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩২ আইপিএস ও ৩৭টি ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধপলি ঘোষের একক আবৃত্তি সন্ধ্যা