ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন– পীরে কামেল আল্লামা হাফেজ কারী ছৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) ছিলেন একজন মাতৃগর্ভের অলি। পাক ভারত উপমহাদেশে ইসলামের সঠিক আকিদা আদর্শের সমপ্রসারণ ও বিস্তৃতিতে তাঁর অনবদ্য অবদান ইতিহাসে দেদীপ্যমান।
তিনি কেবলই আধ্যাত্মিক চর্চায় নিজেকে মনোনিবেশ করেননি, বরং বিশ্বময় ইসলামের সঠিক দর্শন সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রূপদান ছিল তাঁর সুদুরপ্রসারি চিন্তার নির্যাস। এছাড়াও সুন্নীয়তের ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য গড়ার ক্ষেত্রে আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর অবদান কোনভাবেই বিস্মৃত হবার নয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন– বাতিল অপশক্তির মোকাবিলায় এক প্রচণ্ড বিদ্রোহের নাম পীরে কামেল আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)। তিনি উপমহাদেশে অসংখ্য দ্বীনি এদারা প্রতিষ্ঠা করেছেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল নগরীর মোমিন রোডস্থ সালমা ভবন (২য়) তলায় আওলাদে রাসূল গাউসে জামান আল্লামা ছৈয়দ তৈয়ব শাহ (রহ.) এর ৩৪ তম সালানা ওরস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন–ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– মাওলানা স ম শহিদুল হক ফারুকী, ডাঃ হাসমত আলী তাহেরী, কফিল উদ্দীন রানা, মোহাম্মদ নুরুল আবসার, আহমদ রেজা ইউসুফ কবির, আবদুল্লাহ আল মুমিন প্রমুখ।












