সীতাকুণ্ডে র্যাব–৭ চট্টগ্রাম এর উদ্যোগে জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি চাল লাইসেন্স ব্যতীত অবৈধভাবে মজুদ এবং ভিন্ন মোড়কে বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ এবং একজনকে আটক করা হয়। জব্দকৃত চালের বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা।
গতকাল বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন, লে. কমান্ডার তাওহিদুল ইসলাম, চট্টগ্রাম উপজেলা কারিগরি খাদ্য নিয়ন্ত্রক রাজিব কুমার দে ও পুলিশ সুপার মো. সাইফুর রহমান। র্যাব–৭ জানায়, সীতাকুণ্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সরকারি চাল লাইসেন্স ব্যতীত অবৈধ মজুদ এবং ভিন্ন মোড়কে বাজারজাত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব–৭, চট্টগ্রাম এর উদ্যোগে জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তর কর্তৃক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন কদমরসুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি চাল লাইসেন্স ব্যতীত অবৈধভাবে মজুদ এবং ভিন্ন মোড়কে বাজারজাত করার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ধারায় একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ করা হয়। এসময় আব্দুল আজিজ (২৮) নামের একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান চট্টগ্রাম র্যাব–৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।













