নগরীর এবি ব্যাংক আগ্রাবাদ শাখার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সানম্যান গ্রুপের কর্ণধার মেজর (অবঃ) আবদুল মান্নান ও তার স্ত্রী–কন্যাকে ৬ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গত ৬ মে চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আলফা টেক্সটাইল লিমিটেড, ডেলটা ফ্যাশনস লিমিটেড, গ্লোরী ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন হাইটস লিমিটেড ও পাইওনিয়ার ড্রেসার্স লিমিটেডের নামে নেওয়া ঋণ খেলাপি হলে এবং উক্ত খেলাপি ঋণ আদায়ের লক্ষে ২০২৩ সালে দায়িক আবদুল মান্নান, তার স্ত্রী উম্মে কুলছুম ও কন্যা তানজিলা মান্নানের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ে করে এবি ব্যাংক।
পরবর্তীতে উক্ত মামলা দোতরফা সূত্রে ডিক্রিও হয়। ডিক্রি অনুযায়ী টাকা পরিশোধ না করায় গত বছর ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। মোট খেলাপি ঋণের পরিমাণ ৪০০ কোটি ৯৮ লাখ টাকা জানিয়ে বেঞ্চ সহকারী আরো বলেন, জারি মামলা দায়ের হওয়ার পর নিয়ম অনুযায়ী নোটিশ করা হয়। দায়িকরা ঋণ পরিশোধ না করায় তফশীলে বর্ণিত বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির চেষ্টা করা হয়। কিন্তু কোন খরিদ্দার না পাওয়ায় উক্ত সম্পত্তি বিক্রি করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ দায়িকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু চেয়ে আবেদন করলে বিচারক সেটি মঞ্জুর করেন। আদালতসূত্র জানায়, ব্যাংকের পক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট আলী আজগর চৌধুরী ও অ্যাডভোকেট আমান আকবর চৌধুরী।













