সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত চার দিনে উপজেলার তিনটি ইউনিয়নে পাঁচটি শিশু পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ গত সোমবার দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব বহরপুর গ্রামে পুকুরে ডুবে হুমায়রা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ আলমগীরের মেয়ে এবং বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হুমায়রা। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর পুকুরে তার দেহ ভেসে ওঠে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুর চাচা ও বারৈয়াঢালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দিদারুল আলম বলেন, দুপুরে বাড়ির সবার অগোচরে পুকুরে পড়ে যায় হুমায়রা। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আমার ভাই প্রবাসে থাকেন। হুমায়রার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যমতে, গত চার দিনে কুমিরার বিভিন্ন এলাকায় দুজন, বাঁশবাড়িয়ায় দুজন এবং বারৈয়াঢালার বহরপুরে একজনসহ মোট পাঁচ শিশু পুকুরে ডুবে মারা গেছে।











