সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নির্মাণ কাজ শুরু করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ২৬ ইসিবি এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। দুর্গম পাহাড়ি এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা কার্যকরী করতে এবং প্রশাসনিক কার্যক্রম জোরদারে প্রাথমিক ভাবে ৪টি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পূর্ব পাশের পাহাড়ি অঞ্চলে নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ২৬ ইসিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল আল মাসুদ বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণে সেনাবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছি। তিনি আরো জানান, পাহাড়ি ছিন্নমূল এলাকা থেকে একেবারে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির সাইড দিয়ে একটি সড়ক চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হবে। যাতে করে যোগাযোগ ব্যবস্থা আরো ভাল হয়। তার পাশাপাশি জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরো একটি সড়ক নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে।












