ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে চলন্ত একটি স্ক্র্যাপবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট ওভারব্রিজ–কালুশাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. এমরান হোসেন বলেন, ঢাকা অভিমুখী ১৮ চাকার একটি স্ক্র্যাপবাহী লরিতে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন লাগে। পরে কুমিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে লরিটির সামনের অংশ পুড়ে যায়। তিনি বলেন, লরির বৈদ্যুতিক ওয়্যারিংয়ের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।












