সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোরের। গতকাল রোববার সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রাম এলাকা অতিক্রম করছিল। এ সময় ফয়সাল নামের এক কিশোর হঠাৎ ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠাময় থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।











