সীতাকুণ্ডে গাড়ি চাপায় এক পথচারী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বার আউলিয়া হাফিজ জুট মিলস্ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধের নাম আব্দুল আজিজ(৬৫)। তিনি পাবনা সাথিয়া উপজেলার আঁটিয়া পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে কুমিরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এক ব্যক্তি অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে আছে। এমন খবরে তারা ঘটনাস্থল হাফিজ জুট মিলস গেটের সামনে ঢাকামুখী মহাসড়কে যান। এসময় সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে)হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওখান থেকে লাশটি চমেক মর্গে পাঠানো হয়। তিনি বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











