ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে পুকুরে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাজুন ওই এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের ছেলে। স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে গিয়ে তাজুন পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। মোহাম্মদ পারভেজ নামে এক ব্যবসায়ী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার বন্ধুর ছেলে। এদিকে সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে তাইফুল ইসলাম ইজবাত (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে অবুঝ শিশুটি নানার বাড়ি বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় বেড়াতে এসে খেলারত অবস্থায় পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। সে কুমিরা গুল আহম্মদ এলাকার মোঃ আরিফ হাসান ইলিয়াছের ছেলে। এর দুইদিন আগে গত শুক্রবারও কুমিরা মাজার গেট এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর একসাথেই মৃত্যু হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিরা থেকে অবিভাবকের সাথে শিশু ইজবাত নানার বাড়িতে বেড়াতে যায়। এদিন খেলারত অবস্থায় সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন তাকে অনেক খোঁজেও তাকে পাচ্ছিলনা। এরপর পুকুর থেকে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে আনার আগেই শিশুটি মারা গেছে।













