সিডিএ’র সাবেক চিফ ইঞ্জিনিয়ার এ এম এম জিয়া হোসাইনের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চিফ ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) সাবেক সদস্য ইঞ্জিনিয়ার এ এম এম জিয়া হোসাইন গতকাল বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র এবং ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদে জোহর ঢাকা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার বাদে জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা ও বাদে আছর সাতকানিয়ায় তৃতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি গত বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।

ইঞ্জিনিয়ার জিয়া হোসাইন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চিফ ইঞ্জিনিয়ার থাকাকালে নিউ মার্কেট, আগ্রাবাদ আবাসিক এলাকা, খুলশী আবাসিক এলাকা, নাসিরাবাদ আবাসিক এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকাসহ মহানগরীর মেগা উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৮০ সালে বেপজা প্রতিষ্ঠিত হলে তিনি বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) পদে যোগদান করেন। এসময় চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, আদমজি ইপিজেড, কুমিল্লা ইপিজেড, আনোয়ারায় দক্ষিণ কোরিয়ার ইয়ংওয়ান কর্পোরেশনের ইপিজেড নির্মাণেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

সিএলএফ’র সাবেক চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এ এ এম জিয়া হোসাইনের ইন্তেকালে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক করা হয়েছে। এক শোকবার্তায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসিরউদ্দিন চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, মানবসেবায় অসামান্য অবদান এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধগণভোটসহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম প্রতিদিনের চর্চার বিষয়