চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিডিএর নয়া চেয়ারম্যন হিসেবে নিয়োগ পাওয়া ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের বাড়ি সন্দ্বীপ। তিনি নগর বিএনপি নেতা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮–এর ধারা ৭(১) অনুযায়ী প্রকৌশলী বেলায়েত হোসেনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড–২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগের মেয়াদ হবে এক বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, চট্টগ্রামের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।











