নগরীর সিআরবিতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় এক ব্রাজিল সমর্থককে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে দর্শকদের। এ রকম দুটি ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত রোববার রাতে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ চলাকালীন এসব ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরা এক কিশোরকে কয়েকজন মিলে ধাওয়া দিচ্ছেন। ধাওয়া দেওয়া ব্যক্তিদের বেশির ভাগেরই গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। একই সময়ে সিআরবিতে আরও একজনকে ধাওয়া এবং একপর্যায়ে তাকে মারধর করতে দেখা গেছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর গতকাল সোমবার সকালে বলেন, শত শত দর্শক খেলা দেখেছেন। খেলা দেখার সময় দর্শকদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা–কাটাকাটি হতে পারে। সিআরবিতে যথেষ্ট পুলিশ ছিল।
এদিকে নগরের ২ নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখার সময় দর্শকদের ছোটাছুটি করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, দর্শকরা দৌড়াচ্ছেন। পাশে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে কিছু প্লাস্টিকের চেয়ার। পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে আমি নিজে ছিলাম। খেলা চলাকালে হঠাৎ একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় মারামারির গুজবে দর্শকরা দৌড়াদৌড়ি শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে আমরা দর্শকদের শান্ত করি। প্রকৃত বিষয় তুলে ধরার পর দৌড়ে পালিয়ে যাওয়া দর্শকেরা পুনরায় খেলা দেখতে আসেন। শান্তিপূর্ণভাবে খেলা দেখা শেষ হয়।










