সাম্য ও ন্যায়ের চেতনা তুলে ধরেছেন নজরুল

চবিতে নজরুল বর্ষের সেমিনার

| বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সেমিনার ও নজরুল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান। তিনি বলেন, একটি প্রশ্ন আমাকে সব সময় ভাবায় কাজী নজরুল আসলে কীসের কবি? কেউ বলবেন তিনি প্রেমের কবি, কেউ বলবেন বিরহের কবি। কেউ বলবেন ধর্মের কবি, আবার কেউ বলবেন ধর্মনিরপেক্ষতার কবি। কেউ তাঁকে সাম্যের কবি হিসেবে চিহ্নিত করবেন, কেউ বিদ্রোহের কবি, কেউ স্বাধীনতার কবি, কেউবা তারুণ্যের কবি। আবার তাঁর কীর্তন, হামদনাত, শ্যামাসংগীত কিংবা ইসলামী সংগীত শুনলে মনে হয় তিনি মানবতার কবি, সম্প্রীতির কবি। অর্থাৎ আপনি যেদিক থেকেই তাঁকে দেখবেন, তিনি সেই দিকেই আপনাকে আলো দেখাবেন। উপাচার্য বলেন, নজরুল তাঁর সাহিত্য ও দর্শনের মাধ্যমে সাম্য, ন্যায়, মানবিকতা এবং নারীপুরুষের সমঅধিকারের চেতনা তুলে ধরেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগবেষণা নিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের স্থান নয়; এটি গবেষণা, সৃজনশীলতা এবং নেতৃত্ব বিকাশেরও কেন্দ্র। আমাদের শিক্ষার্থীদের আরও বেশি করে সহশিক্ষা কার্যক্রম, ক্লাবভিত্তিক কর্মকাণ্ড এবং গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর। সভাপতিত্ব করেন উপউপাচার্য (প্রশাসন) এবং চবি নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন। তিনি কাজী নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং বিপ্লবী সাহিত্যকর্মের ওপর আলোকপাত করেন।

প্রবন্ধের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং বিভাগের প্রফেসর ড. তাসলিমা বেগম। বক্তব্য রাখেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ। নজরুল সঙ্গীত পরিবেশন করেন ফেরদৌস আরা। এছাড়া নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের গান ও নৃত্যআলেখ্য পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোটরযান মালিক শ্রমিকদের পরিচিত সভায় ৫ দফা দাবি
পরবর্তী নিবন্ধছোট পরিমাপের প্যাকেটজাত ভোজ্যতেল বাজারে সহজলভ্য করার দাবি