মোটরযানের ওপর আরোপিত অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অবিলম্বে বাতিল এবং ইতোমধ্যে আদায় করা বর্ধিত কর ফেরতের দাবি জানিয়েছেন চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল বুধবার নগরীর একটি হোটেলে আয়োজিত সভায় এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক মো আরিফুর রহমান রুবেল, যুগ্ম আহবায়ক সেলিম খান, আবুল খায়ের, মো শফি প্রমুখ।
আহ্বায়ক মো আরিফুর রহমান রুবেল পণ্য পরিবহনের অগ্রিম আয়কর ১০ হাজার টাকা নির্ধারণ এবং ট্যাক্স টোকেন ফি ৫০ শতাংশ কমানোর আহ্বান জানিয়ে বলেন, বর্তমান কর ব্যবস্থা পুরো পরিবহন খাতকে সংকটে ফেলছে। এছাড়া সড়ক আইন ২০১৮ মালিক–শ্রমিক বিরোধী হিসেবে উল্লেখ করে বিতর্কিত ধারা সংশোধন বা বাতিলের দাবি জানান তিনি। বক্তারা জানান, চট্টগ্রামের বেসরকারি অফডক কনটেইনার ডিপোগুলোতে অতিরিক্ত পার্কিং চার্জ, লেবার চার্জ ও বকশিশের নামে ১২০০–১৫০০ টাকা অর্থ আদায় করা হচ্ছে। এটা জোরপূর্বক চাঁদাবাজির মতো করে আদায় হয়। অথচ তারা চালক, হেলপার ও গাড়ির কোন নিরাপত্তা দিতে পারছে না। এই সময় তারা সহজ শর্তে ক্যাটাগরি ভিত্তিক ড্রাইভিং লাইসেন্স প্রদান, সারা দেশে অভিন্ন ওজননীতি কার্যকর, লোডিং পয়েন্টে ওজন নিশ্চিত করা, ওজন স্কেলে চাঁদাবাজি বন্ধ এবং উৎসস্থল থেকে ওজনস্লিপ প্রদানের দাবি তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।












