সাতকানিয়ায় পাহাড়ে নিখোঁজ নাপিতের অর্ধগলিত লাশ

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় নিখোঁজের চার দিন পর শাহাল শীল (৩৫) নামে এক নাপিতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পুরানগড় ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহাল ওই ইউনিয়নের শীলঘাটা এলাকার ফনিন্দ্র শীলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহাল শীল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন পাহাড়ে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পান। একপর্যায়ে তারা ঝোপের মধ্যে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি শাহালের বলে শনাক্ত করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চাকা ফেটে উল্টে গেল চলন্ত মাইক্রোবাস
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে বসতঘর