নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো মাহিয়া আক্তার (৬) ও মো. মাহিন (৩)। গতকাল সোমবার দুপুরে সাতকানিয়ার মধ্যম আমিলাইষের ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে। তারা আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়ার মৌলভী মাহবুবর রহমানের বাড়ির মো. বেলালের সন্তান।
আমিলাইষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ সিকদার জানান, পূর্ব ডলু নয়াপাড়ার মৌলভী মাহবুবর রহমানের বাড়ির মো. বেলালের ছেলে–মেয়েরা গতকাল সকালে মায়ের সঙ্গে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেবর মুল্লুকের বাড়ি এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। পরে শিশু মাহিয়া ও তার ছোট ভাই মাহিন নানার বাড়ির বাইরে নদীর তীরে খেলছিল। এ সময় সবার অগোচরে তারা সাঙ্গু নদীতে পড়ে যায়।
পরে শিশু দুটিকে কোথাও না দেখে স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সাঙ্গু নদীতেও নেমে খোঁজ করেন তারা। পরে নদীতে ভাসমান অবস্থায় মাহিয়া ও মাহিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










