সময় তুমি নিষ্ঠুর পরিব্রাজক। নিষিদ্ধ ঘাতক তুমি,
শিশুর হাতে তুলে দাও মৃত্যু ব্যালট। বুলেটপ্রুফ জ্যাকেটের
নিচে ঘুমিয়ে থাকা পিস্তলে বাঁধো সুখের রঙিন কোর্তা।
স্বপ্নের সিঁড়িতে বসিয়েছ দ্রুতগামী এলিভেটর।
মধুপের বোলে গুনগুন নয় অযাচিত লাশ;
কাল গেছে কালঘুমে ঢেলে দিয়ে বিষ,
ভুলে গেছ তুমি কুহু আর দোয়েলের শিষ।
তুমি অশ্বারোহী আগন্তুক!
নিয়তির হাতের নাটাই নিয়ে ওড়ো অস্থির বাতাসে।
সাধু সন্ন্যাসে কিনেছে গোলামীর বেশ,
বাউলের রূপে জেগে থাকো অনন্ত।
অপ্রেমেও ভীষণ উড়ান তোমার, তুমি আজন্ম মহান।
সময় তুমি হিমশীতল রূপে খুনে রাঙাও হাত
প্রেমিকের বেশে আদিগন্ত হন্তারক।







