রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের উপায় অনুসন্ধানে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সম্মেলন। ‘দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট : সমন্বিত দৃষ্টিভঙ্গির সন্ধান’ শীর্ষক দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ। আয়োজনের সহযোগী হিসেবে আছে ফরেন সার্ভিস একাডেমি এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। খবর বিডিনিউজের।
আয়োজকদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গার অবস্থান, যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) অনুদান কমতে থাকা, মিয়ানমারে সংঘাতের কারণে প্রত্যাবাসন আরও জটিল হওয়া এবং অচলাবস্থার প্রেক্ষাপটে এই সম্মেলন। এর মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান এবং বাংলাদেশে তাদের অবস্থান ঘিরে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে।
উদ্বোধনী এবং সমাপনী পর্বের মাঝে এই সম্মেলনে মোট ৬টি প্যানেল আলোচনা হবে। গবেষক, শিক্ষক, পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজ, মানবিক সহযোগী এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে অতিথিদের তালিকায় আছেন বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেনও।









