সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে : আইআরজিসি

হরমুজ এখনও আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি : ইরান

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৪:৩৫ পূর্বাহ্ণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) যুক্তরাষ্ট্র লঙ্ঘন করার পর থেকে মার্কিন সামরিক বাহিনী তাদের ২০০ জনের বেশি সদস্যকে হারিয়েছে। ইরানের আধাস্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি ইরানের সঙ্গে সামপ্রতিক পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্রের পক্ষে হতাহতের বিষয়ে ওয়াশিংটনের পরিসংখ্যান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

মোহেব্বি বলেন, হতাহতের সংখ্যা নিয়ে আমেরিকান পরিসংখ্যান পুরোপুরি মিথ্যা। যুক্তরাষ্ট্রের লক্ষ্যস্থলে হামলাগুলো নিয়ে তিনি বলেন, ইরান আটটি সেনা মোতায়েন কেন্দ্রে আঘাত হেনেছে আর এর একটিতেই ২০টি আশ্রয়স্থল ধ্বংস হয়েছিল। তিনি উল্লেখ করেন, অপারেশন নাসর ২ এ নিহত মার্কিন সেনার সংখ্যা ২০০ জনেরও বেশি আর আহতের সংখ্যা আরও অনেক বেশি। খবর বিডিনিউজের।

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরান যে প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছে তাকেই ‘অপারশেন নাসর ২’ বলা হচ্ছে। আইআরজিসির এ মুখপাত্র বলেন, আমেরিকান জনগণের উচিত হবে না তাদের মিথ্যাবাদী কমান্ডারদেরকে তাদের বোকা ভাবতে দেওয়া। মোহেব্বি বলেন, মার্কিন প্রশাসনের উচিত সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে ধ্বংস হয়ে যাওয়া মার্কিন কেন্দ্রগুলো তাদের দেখানো ও কতোজন মার্কিন সেনা নিহত হয়েছে তা হিসাব করতে দেওয়া।

হরমুজ এখনও আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি : ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা দুই সপ্তাহের বোমা হামলা বন্ধ করার পর ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা শান্তি আলোচনা নতুন করে শুরুর চেষ্টা করছে না। মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর ওয়াশিংটন ইরানে বোমা হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর তেহরান এই প্রতিক্রিয়া জানাল।

যুক্তরাষ্ট্র এর আগে ইরানে টানা ১৩ দিন হামলা চালিয়েছিল এবং ইরানও পাল্টা জবাবে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়। এরপর গত শনিবার ট্রাম্প বোমা হামলা চালানো বন্ধের ঘোষণা দেন। ইরানও জানায়, যুক্তরাষ্ট্র হামলা না চালালে তারাও হামলা বন্ধ রাখবে। হামলা বন্ধের খবরে তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৮ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৯ ডলারের নিচে নেমে এসেছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সংকটের কূটনৈতিক সমাধানের সুযোগ দিতেই ইরানে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন। তার দাবি, আলোচনার জন্য এখনো পথ খোলা রয়েছে। তবে ইরানের বক্তব্যে স্পষ্ট যে, দুই পক্ষের মধ্যে আলোচনার পরিবেশ এখনও তৈরি হয়নি। ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ইরান আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছে।

কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক টিভিতে সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য ইরান অনুরোধ জানায়নি। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদানপ্রদান এখনও চলছে। ইরান কূটনীতির পথ পরিহার করেনি। তবে ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছেএমন খবর অতিরঞ্জিত। আলোচনার চাওয়া ইরানের ডিএনএতে নেই। তাছাড়া, বিশ্বে জ্বালানির বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিও এখনও নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে ইরান জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্গম রুমায় হামের প্রকোপ, ১৫ দিনে ৭ খুমি শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধনির্মাণাধীন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত