৫ মে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে স্টপ দ্য সেল অব স্টোলেন প্যালেস্টিনিয়ান ল্যান্ড বিক্ষোভে ফিলিস্তিনপন্থিরা সমবেত হন। বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশ এখন ইসরায়েল, এমন তথ্য উঠে এসেছে বৈশ্বিক জরিপ সংস্থা নিরা ডাটা–এর নতুন এক সমীক্ষায়। খবর বাংলানিউজের।
২০২৬ সালের গণতন্ত্র ও দেশ–ভাবমূর্তি বিষয়ক এই জরিপে ইসরায়েলের পর সবচেয়ে নেতিবাচক ধারণার দেশ হিসেবে রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। অন্যদিকে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির দেশগুলোর তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি। গ্লোবাল কান্ট্রি পারসেপশনস ২০২৬ শীর্ষক এই জরিপে বিশ্বের ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে ৪৬ হাজার ৬৬৭ জনের মতামত নেওয়া হয়।
একইসঙ্গে প্রকাশিত হয় ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স ২০২৬, যেখানে ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন নাগরিক তাদের নিজ নিজ দেশে গণতন্ত্রের অভিজ্ঞতা সম্পর্কে মত দেন। জরিপের ফলাফলে বলা হয়, গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য অবরোধ এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানবাধিকার সংস্থা, জাতিসংঘের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আদালতগুলোও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে।
সমীক্ষায় যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় ধরনের পতনের চিত্র উঠে এসেছে। বৈশ্বিক জনমতের বিচারে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা পাঁচ দেশের একটি। এমনকি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দিক থেকে দেশটি রাশিয়া ও চীনেরও নিচে অবস্থান করছে। জরিপ অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নেট ইতিবাচক ধারণার স্কোর ছিল +২২ শতাংশ, যা ২০২৬ সালে নেমে এসেছে –১৬ শতাংশে।













