সংগীতগুণী ওস্তাদ মিহির নন্দী স্মরণে সঞ্চারী সংগীত নন্দন একাডেমির ৪র্থ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন গত ২ মে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে শাস্ত্রীয় সংগীত, নৃত্য ও সম্মাননা পর্বে মিলনায়তন ছিল দর্শকে মুখরিত। একাডেমির সভাপতি প্রফেসর ড. সুদীপা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলন উদযাপন পরিষদের মহাসচিব অ্যাড. সুমন ধর। স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী সৈকত দত্ত। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন প্রফেসর ড. মইনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চসিক’র স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. সোয়েব উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ। অনুষ্ঠানে অধ্যাপক ডা. রজত কুমার বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক আশীষ কুমার চৌধুরীর সমাপনী বক্তব্যের পর অতিথিবৃন্দ মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মূল সাংস্কৃতিক পর্বের সূচনা হয়। একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় সম্মেলক সংগীত অনুষ্ঠিত হয়। এতে তবলা সঙ্গত করেন রিপন দাশ। সংগীত আয়োজন ও পরিচালনায় ছিলেন একাডেমির প্রশিক্ষক শিল্পী সৈকত দত্ত। সুমী চক্রবর্তীর পরিচালনায় নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের শিল্পীরা সমবেত কথক নৃত্য পরিবেশন করেন। একক পরিবেশনায় শিল্পী সৈকত দত্ত রাগ ভীমপলাসি পরিবেশন করেন। তবলায় ছিলেন সমীর আচার্য্য, হারমোনিয়ামে অনন্যা দে, তানপুরায় সঙ্গত করেন অর্পা দাশ ও পরশ মনি দে। অনুষ্ঠানে একাডেমির অভিভাবকবৃন্দ সমবেত সংগীত পরিবেশন করেন।
শেষে কলকাতা থেকে আগত শিল্পী অরণ্য চৌধুরী সন্তুরে রাগ কিরওয়ানী পরিবেশন করেন। তবলা সঙ্গত করেন সমীর আচার্য্য। এর আগে সকালে একাডেমির শিক্ষার্থীরা পঞ্চকবির গান পরিবেশন করেন। পুরো আয়োজনটি সুধীজন ও সংগীতপ্রেমীদের ব্যাপক সাড়া ফেলে।














