হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুলাভাই মোহাম্মদ জুয়েল (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকালের দিকে অভিযান চালিয়ে আমান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভিকটিম নিজে বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মোহাম্মদ জুয়েল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ভোগ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডস্থ মিয়া ঘোনা বড়গোপ এলাকার (আব্দুস সালামের বাড়ি) আজম কলোনির মৃত আব্দুস সালামের পুত্র।
জানা যায়, হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় গত ৮ জুন সকালে বাসায় সবার অনুপস্থিতিতে বড় বোনের জামাই জুয়েল নিজের শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী শ্যালিকা নিরুপায় হয়ে ওইদিন রাতেই দুলাভাইকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান সত্যতা স্বীকার করেছেন।












