শৈশবের শহরে রোনালদোর বিয়ের মূল অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

পর্তুগিজ সুপারস্টার ও আলনাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আগামী সপ্তাহে মাদিরায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা এবং ৩২ বছর বয়সী জর্জিনা ফুনচাল ক্যাথেড্রালে বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের পরবর্তী সংবর্ধনা ও জাঁকজমকপূর্ণ ভোজের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘স্যাভয় প্যালেস’এ। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, এই সপ্তাহান্তেই সিন্ত্রা শহরের ‘কুইন্টা দা রেগালেইরা’ এস্টেটে তাদের বিয়ে সম্পন্ন হবে। তবে সেই গুঞ্জন তখন বিফলে যায় যখন জানা যায় যে, ওই এস্টেটটি সপ্তাহজুড়ে সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। ব্রিটিশ পত্রিকাটি জোর দিয়ে জানিয়েছে যে, রোনালদো তার জন্মশহরের ক্যাথেড্রালেই বিয়ে করবেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল ৩টায়। এরপর নবদম্পতি ও আমন্ত্রিত অতিথিরা স্যাভয় প্যালেসে যাবেন, যেখানে অতিথিদের আপ্যায়নের জন্য চারটি রাজকীয় রেস্তোরাঁ প্রস্তুত রাখা হয়েছে। একটি বিশেষ সূত্র জানিয়েছে, হোটেলের সাধারণ অতিথিদের আগেভাগেই অবহিত করা হয়েছে যে ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে শুক্রবার এবং শনিবার হোটেলের দুটি ফ্লোর এবং বার এলাকা ব্যবহারের জন্য বন্ধ থাকবে। এই ফুনচাল শহরেই ক্রিস্টিয়ানোর জন্ম ও বেড়ে ওঠা। শহরটি তাদের প্রিয় সন্তানকে সম্মান জানিয়ে একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপন করেছে এবং সেখানে তার নামেই একটি আধুনিক হোটেল পরিচালিত হচ্ছে। রোনালদোর বর্তমান নিট সম্পদের পরিমাণ ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের মধ্যে। তা সত্ত্বেও নিজের বিয়ের জন্য জন্মভূমিকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি তার কাছে অত্যন্ত আবেগপূর্ণ। একসময় চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া রোনালদোকে তার সকল ভাইবোনদের সঙ্গে একটি ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো। মাত্র ১১ বছর বয়সে তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে স্পোর্টিং লিসবনে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিজের প্রিয় ঘর ও পরিবার ছেড়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাব-৭ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধইনফান্তিনোর অবস্থান আরও নড়বড়ে