শেষ আটে জেটিসিএ ও ব্রাদার্স একাডেমি

কাল থেকে শুরু কোয়ার্টার ফাইনাল । রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র ক্রিকেট লিগে শেষ দু–দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি (জেটিসিএ) ও ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গতকাল শুক্রবার অনুষ্ঠিত খেলায় জেটিসিএ ৯১ রানে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১০৮ রানে বায়েজিদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে এ যোগ্যতা অর্জন করেছে। গতকাল দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ‘গ’ গ্রুপের শেষ ম্যাচে টস জয়ী জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১১.৫ ওভারে মাত্র ৪২ রানে অলআউট হয়। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির ইনিংসে অর্জুন চৌধুরী সর্বোচ্চ ৬১ ও সাফকাত সাফায়েত ১৭ রান করেন। অতিরিক্ত খাতে ২৭ রান যোগ হয়। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির জাবেদ বিন ওসমান ১৭ রানে ৩টি ও সৈয়দ আল মাহাদি ২৭ রানে ২ উইকেট দখল করেন। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির ইনিংসে মাত্র দুজন ম্যাক্সিম চাকমা ১১ ও রিয়াদ সর্দ্দার ১০ রান করেন। বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। অতিরিক্ত হিসেবে ১৬ রান ইনিংসে যোগ হয়। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির সফল বোলার তুষার শীল ১০ রানে ৪টি এবং ইমরান হোসেন ২ ও আরিফুল মেহেরাব ৭ রানে ২টি করে উইকেট নেন। একই মাঠে অনুষ্ঠিত ‘ঘ’ গ্রুপের শেষ ম্যাচে টস জয়ী ব্রাদার্স ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়। জবাবে একজন কম নিয়ে খেলা বায়েজিদ স্পোর্টিং ক্লাব ১৭ ওভারে ৯ উইকেটে ৭১ রান সংগ্রহ করে। ব্রাদার্সের ইনিংসে জুনায়েদ হোসেন ৮১ ও মিফতাহুল ইসলাম ৬৪ রান করেন। অতিরিক্ত খাতে ১৮ রান যোগ হয়। বায়েজিদ স্পোর্টিং ক্লাবের শোয়েব উদ্দিন ১৩ রানে ৫টি ও সাকিবুল ইসলাম ৩১ রানে ২ উইকেট দখল করেন। বায়েজিদ স্পোর্টিং ক্লাবের ইনিংসে আদনান চৌধুরী ১৪, ওয়ালিউল্লাহ ১১ ও ইলহাম ১১ রান করেন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির সিয়াম ৬ রানে ৪টি এবং আব্দুল্লাহ আবির ৮ রানে ২ উইকেট দখল করেন।

আগামীকাল ১৮ সেপ্টেম্বর রোববার থেকে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে। এতে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সকাল ৯টায় জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি ও মিলেনিয়াম ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও ইস্পাহানি ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে। একই দিনে বাকলিয়া স্টেডিয়ামে সকাল ৯টায় বাদশা মিয়া স্মৃতি সংসদ ও চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি এবং দুপুর ২টায় শতাব্দী ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম ক্রিকেট একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দলে ফিরতে চান জাহানারা
পরবর্তী নিবন্ধমাইল ফলকের সামনে লিটন-মোস্তাফিজ