জাতীয় দলে ফিরতে চান জাহানারা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট দলে ফিরে আসার অপেক্ষায় আছেন জাহানারা আলম। তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের কাছে ফেরার লড়াইটা শুধু আবার মাঠে নামার নয়, নারী ক্রিকেটের পরিবেশ নিয়েও তার কিছু চাওয়া আছে। নারী ক্রিকেটারদের মানসিক নির্যাতন থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সেফগার্ডিং পলিসি চালুর দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা সত্ত্বেও জাতীয় দলে ফিরতে কার অধীনে খেলতে হবে, তা নিয়ে ভাবছেন না। জাহানারা জানান, গত আগস্টে বাংলাদেশ পুরুষ দল যখন অস্ট্রেলিয়া সফরে ছিল, তখন বিসিবির সঙ্গে যোগাযোগ করে নিজের ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা হয়েছে তার। জাহানারা বলেন, ‘বাবু স্যার আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি কী করতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কী। আমি বলেছি, আবার খেলতে চাই। বাবু স্যার খুবই ইতিবাচক। তিনি দারুণ একজন মানুষ, নারী ক্রিকেটের যত্ন নেন, উন্নতির চেষ্টা করছেন। আমার কাছে তাকে ইতিবাচক মনে হয়েছে।’ জাতীয় দলে ফেরার পথে অতীতের অভিজ্ঞতা বাধা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। গত তিন–চার বছরে অনেক কিছু মোকাবিলা করলেও তার কাছে সবার আগে দল ও পেশাদারিত্ব। ব্যক্তিগতভাবে জাতীয় দলে ফেরার চেষ্টার পাশাপাশি নারী ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষাব্যবস্থা চান জাহানারা। তার মতে, সেফগার্ডিং পলিসি চালু হলে ক্রিকেটারদের ক্যারিয়ার ও মানসিক সুস্থতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হবে।

গত দুই বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও এ সময়ে কোনো স্বীকৃত ক্রিকেটে খেলেননি জাহানারা। ফলে জাতীয় দলে ফেরার সুযোগ পেতে হলে তাকে আগে মাঠের ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে। ফিটনেস ও বর্তমান ফর্মের পাশাপাশি নির্বাচকদের বিবেচনাও থাকবে গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে বিসিবির নারী উইং প্রধানের বক্তব্য, ‘যে–ই জাতীয় দলে আসবে, তাকে যোগ্যতা দিয়েই আসতে হবে। যাদের যোগ্যতা আছে এবং ফিটনেস টেস্টে যাদের খেলার উপযোগী বলে মনে হয়, নির্বাচকেরা যদি মনে করেন তার জাতীয় দলে খেলার যোগ্যতা আছে, তাহলে খেলবে।’ বাংলাদেশের হয়ে জাহানারা সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর মানসিক ক্লান্তির কথা জানিয়ে ক্রিকেট থেকে স্বেচ্ছাবিরতি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেছেন নাহিদ রানা
পরবর্তী নিবন্ধশেষ আটে জেটিসিএ ও ব্রাদার্স একাডেমি