শিশুর জগৎ

বিকাশ বড়ুয়া | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

শিশুরা শিখবে চঞ্চলতায় শিখবে হেসে খেলে

শিশুরা সত্যি বড়ো হবে উদার আকাশ পেলে।

শিশুরা শিখবে হারমোনিয়াম তবলা একতারাতে

শিশুরা মনে আনন্দ পায় ছন্দ সুরের সাথে।

শিশুরা শিখবে ব্যাটেবলে শিখবে মাঠেঘাটে

শিশুরা শিখবে রঙবেরঙের নতুন বইয়ের পাঠে।

শিশুরা শিখবে রংতুলি আর কবিতা নৃত্য গানে

বৈচিত্র্যের শিক্ষায় শিশু ছুটবে আকাশ পানে।

শিশুরা শিখবে কোরাণ পিটক গীতা বাইবেল বেদ

শিশুরা শিখবে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ।

শিশুরা শিখবে সাহিত্য ধর্ম বিজ্ঞান ইতিহাস

ভদ্রতা বিনয়ে ছড়াবে তারা শিক্ষার সুবাতাস।

শিশুরা শিখবে তিতা হলেও সত্যরে মেনে নিতে

শিশুরা নতুন চিন্তা দিয়ে বিশ্বকে নেবে জিতে।

শিশুরা কভু মেনে নেবে না অন্যায় চক্ষু বুঁজে

জ্ঞানের আলোয় সত্য সুন্দর নেবেই তারা খুঁজে।

কুসংস্কার আর সংকীর্ণতা শিক্ষাঙ্গনে নয়

উদার মানবিক মানসিকতায় শিক্ষার পরিচয়।

ব্যক্তিগোষ্ঠীর মতাদর্শ নিজেদের মাঝেই থাক

সংকীর্ণ কানাগলি থেকে শিক্ষা মুক্তি পাক।

পূর্ববর্তী নিবন্ধহো চি মিন : ভিয়েতনাম মুক্তিসংগ্রামের নেতা
পরবর্তী নিবন্ধহৃদয়ের আঙিনায় তুমি