লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের দরবেশহাট মওলার পাড়া এলাকার এসএস ইটভাটার পাশে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। অভিযানে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। আদালত সূত্রে জানা গেছে, এসএস ইটভাটার পাশে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওসামা বিন মমতাজকে ১ লাখ টাকা ও মো. সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













