উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সংস্কারকাজ পরিদর্শনের সময় প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৮৮ নম্বর ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল রোববার ঢাকার বনানীতে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তোলেন তারা। ‘বুয়েট ব্যাচ–৮৮ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ ব্যানারে হওয়া এ সংবাদ সম্মেলনে কথা বলেন ফারহানার বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে ফজলুল হক। তিনি মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়ে বলেন, আমার দুই বছরের নাতি যেন বড় হয়ে জানতে পারে, তার মা কীভাবে মারা গেছেন। তিনি আইনি পদক্ষেপ না নেওয়ার কারণ সম্পর্কে এক প্রশ্নর জবাবে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আইনি পদক্ষেপ নিইনি। তবে ঘটনার বিস্তারিত অনুসন্ধান বা তদন্ত হওয়া প্রয়োজন, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। খবর বিডিনিউজের।












