রাঙ্গুনিয়ায় ৮ একর রিজার্ভ ফরেস্ট দখলমুক্ত

বন বিভাগের অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে মোট আট একর রিজার্ভ ফরেস্টের জমি জবরদখলের হাত থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে সংরক্ষিত বনভূমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। প্রাথমিক অবৈধ স্থাপনা ও বেড়া তৈরি করে জমিগুলো দখলের পর তা চড়া মূল্যে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। তবে বনকর্মীদের নিয়মিত নজরদারির কারণে তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি।

সংবাদ পেয়ে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের নেতৃত্বে বুধবার বিকেলে এই পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। এর মধ্যে ইছামতী বিট কর্মকর্তা মেহেদী হাসান রনির নেতৃত্বে ইছামতী রেঞ্জের জঙ্গল পারুয়া মৌজা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক চার একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয় এবং অবৈধ স্থাপনা ও বেড়া গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া বগাবিল বিটের বাইশ্যের ডেবা এলাকা ও দক্ষিণ ঘাগড়া মৌজা এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে আরও চার একর বনভূমি দখলমুক্ত করা হয়। অভিযানের টের পেয়ে দখলদারেরা পালিয়ে যায়। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিকেলে ইছামতী রেঞ্জের ঠান্ডাছড়ি মৌজা এলাকায় আরেকটি বিশেষ অভিযানে প্রায় পাঁচ একর রিজার্ভ ফরেস্টের জমি জবরদখলের হাত থেকে উদ্ধার করা হয়। একই এলাকায় গত ১ সেপ্টেম্বর অভিযান চালিয়ে এক একর বনভূমি দখলমুক্ত করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ২ জনের সাক্ষ্য
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের ফাইনালে রেলওয়ে ও মাইজপাড়া