রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধের ঘোষণা এমপি হুমাম কাদেরের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার বালু ব্যবসার সিন্ডিকেট ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী মাসের ১ তারিখ থেকে রাঙ্গুনিয়ায় সব ধরনের বালু ব্যবসা ও ইজারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে।

গত শুক্রবার রাঙ্গুনিয়ায় আয়োজিত একটি স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন। হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আমরা বদ্ধপরিকর। বালু উত্তোলন ও পরিবহনের ফলে রাস্তাঘাটের যে ক্ষতি হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে, তা আর সহ্য করা হবে না। সাংসদ তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, বালুর সব ধরনের ইজারা ও ব্যবসা বন্ধের নির্দেশ আগামী মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে। যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা যেন এখনই বিকল্প পথ খুঁজে নেয়। কারণ, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংসদের এই ঘোষণা নিয়ে বর্তমানে পুরো রাঙ্গুনিয়া জুড়ে ব্যাপক আলোচনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পাহাড়ের মাটিসহ ৩টি ডাম্প ট্রাক আটক
পরবর্তী নিবন্ধসব দাখিল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ